স্পোর্টস ডেস্ক:
পর্দা উঠেছে বিপিএলের। বাংলাদেশের সমর্থকরা যখন বিপিএল লড়াইতে মেতেছে তখন দক্ষিণ আফ্রিকায় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবারা দুপুর দুইটায় মাঠে নামবে। যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ।
বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে পা রেখেছে বড় রকমের প্রত্যাশা নিয়ে। গত বছরের শেষদিকেই যুবাদের এশিয়া কাপ জিতে এসেছে জুনিয়র টাইগাররা।
আশিকুর রহমান শিবলী, আরিফুল ইসলামরা জয় করেছে অধরা এশিয়া কাপ। সিনিয়র ক্রিকেটাররা তিনবারের চেষ্টায় যা পারেনি, সেটাই করে দেখিয়েছে জুনিয়র টাইগাররা। শিরোপা জয়ের পথে ভারতকেই সেমিফাইনালে হারিয়েছিল তারা।
এশিয়া কাপের সেমিফাইনালের সেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল নিজেদের অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে। মারুফ মৃধা একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রোহানাতদৌলা বর্ষন আর শেখ পারভেজ জীবন নিয়েছেন ২টি করে উইকেট। বিপরীতে বাংলাদেশও চাপে পড়েছিল। তবে অভিজ্ঞ আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় মধুর এক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ আবার সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা।
বাংলাদেশের ম্যাচসহ যুব এই টুর্নামেন্টের সব ম্যাচ অনলাইনে দেখা যাবে। আইসিসি টিভি প্ল্যাটফর্মে বাংলাদেশসহ বিশ্বের ৭২টি দেশের দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। মোবাইলেও আইসিসি টিভির ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।
উল্লেখ্য, টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে লড়বেন রাব্বিরা
R/N