স্পোর্টস ডেস্ক:
সাড়ে আট মাস পর অনুশীলনে মাশরাফি বিন মুর্তজা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচ খেললেও তার আগে অনুশীলন করেননি তিনি। তবে এদিন শুধু ব্যাটিং সেশন করেছেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচ ফিটনেস না থাকলেও মাশরাফিকে পরের ম্যাচগুলোতেও খেলাতে চায় সিলেট স্ট্রাইকার্স।
টাইম মেশিনে চড়ে দেড় যুগ পেছনে চলে গেলেন ডেভ হোয়াটমোর, মোহাম্মদ সালাহউদ্দিন ও খালেদ মাহমুদ। সেই সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ হোয়াটমোর আর সালাহউদ্দিন সহকারীর ভূমিকায়। ক্রিকেটার ক্যারিয়ারের অন্তিমলগ্নে তখন খালেদ মাহমুদ। বিপিএল আবারো এক করেছে এ তিনজনকে।
একাডেমি মাঠে অনেক চেনা মুখের মাঝে মাশরাফি বিন মুর্তজা একটু আলাদা। ডেভের সঙ্গে নড়াইল এক্সপ্রেসের সম্পর্কটা যে বেশ গাঢ়। ২০০৬ সালে ম্যাশের বিয়েতে অংশ নিতে নড়াইলে গিয়েছিলেন হোয়াটমোর। ছিলেন তার আত্মজীবনীর মোড়ক উন্মোচনেও। পাগলা নামটাও এ অজি কোচই দিয়েছিলেন মাশরাফিকে। এখনো দুজনের কথাবার্তায় আন্তরিকতার ছাপ স্পষ্ট।
বিপিএল শুরু হয়ে গেছে। ম্যাচ খেলাও হয়েছে। মাশরাফির প্রথম অনুশীলন তারপর। শেষবার করেছিলেন প্রায় সাড়ে ৮ মাস আগে ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন। প্রথম ম্যাচে ১ উইকেট পেলেও বল করতে ভালোই বেগ পেতে হয়েছে। গতি কমেছে আরো, ফিটনেস নেই বললেই চলে। তবু দলের চাওয়া, মাঠে থাকুক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
সিলেট স্ট্রাইকার্স ক্রিকেটার জাকির হাসান বলেন, মাশরাফির পারফরম্যান্স থেকে তার মাঠে থাকাটাই মেইন মোটিভেটেড তরুণ ক্রিকেটারদের জন্য। কারণ উনি থাকলে আমাদের কাছে মনে হয় অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়।
অনুশীলনে অবশ্য বল করেননি মাশরাফি। নেটে একাকী ব্যাটিং সেশন করেছেন লম্বা সময়। নেট বোলারদের ঘূর্ণিগুলো ঠিকঠাক মতো খেলতে পারছিলেন না ম্যাশ। তবুও দমে যাননি। তাহলে কি শুধু ব্যাটার হিসেবে খেলবেন নড়াইল এক্সপ্রেস?
জাকির হাসান বলেন, যেহেতু দীর্ঘদিন পর প্র্যাকটিস করতে এসেছেন তাই প্রথম সেশনটা ব্যাটিং করছেন। হয়ত চেষ্টা করছেন ব্যাটিং দিয়েও নিজেকে আরেকটু ঝালিয়ে নিতে।
মাশরাফি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তবে গুঞ্জন বিপিএল দিয়ে দীর্ঘ ক্যারিয়ার থামতে পারে নড়াইল এক্সপ্রেসের।
R/N