এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

প্রকাশিত: 9:03 PM, February 22, 2024

এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ

বিনোদন ডেস্ক:

মডেল-অভিনেত্রী-গায়িকা শেহতাজ মুনিরা হাশেম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। ‘আমি যা দেখি, তুমি তাই দেখ’ শিরোনামে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। পরবর্তীতে তিনি নাম লেখান টিভি নাটকে। বেশ কিছু একক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তবে ধারাবাহিক নাটকে বরাবরই আপত্তি ছিল তার। ২০২১ সালে প্রকাশিত হয় গায়িকা শেহতাজের প্রথম একক গান। এ গানের সংগীতায়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা।

 

এদিকে ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তার মা শাহীনা খন্দকার। বছর দেড়েকের মধ্যে বাবা-মাকে হারিয়ে শোকে বিপর্যস্ত তিনি। কোনোভাবেই সামাল দিতে পারছেন না নিজেকে। অভিনেত্রী মনে করছেন, এক বছরের মধ্যে জীবন এলোমেলো হয়ে গেছে তার।

এ নিয়ে সংবাদমাধ্যমকে শেহতাজ বলেন, মা-বাবাকে ঘিরেই ছিল আমার জীবন। বাবা আমার সব কিছু দেখভাল করতেন। কোন কাজটা করব, কোনটা করব না, শিডিউল কবে, কোথায় শুটিং—সব মাথায় রাখতেন বাবা। ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর সব কিছু থমকে গেছে আমার। গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি। এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares