বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গত সোমবার থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসসহ আরও কয়েকটি দেশের শ্রমবাজার নিয়েও ইতিবাচক সংবাদ পাওয়া যাবে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে। বিভিন্ন দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি বিষয়ে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে এবং এর ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া সেই প্রচেষ্টারই গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, জাপান, মরিশাস, দক্ষিণ কোরিয়া, ওমান ও সৌদি আরবসহ সম্ভাবনাময় শ্রমবাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব উদ্যোগের সুফল খুব শিগগিরই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে বিদেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাবে এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, নতুন শ্রমবাজারগুলো পর্যায়ক্রমে চালু হলে বিদেশে কর্মসংস্থানের পরিধি আরও সম্প্রসারিত হবে, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।