, ,

গোয়াইনঘাটে নিরীহ ব্যক্তিদের নামে অপপ্রচারের অভিযোগ!

শিউলী
প্রকাশিত October 5, 2026, 11:17 PM
গোয়াইনঘাটে নিরীহ ব্যক্তিদের নামে অপপ্রচারের অভিযোগ!
  • ভুয়া ফেসবুক পেজে নাম-ছবি ব্যবহার করে হয়রানির

এ কে আজাদ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বাদেবাসা গ্রামের কয়েকজন বাসিন্দার নাম ও ছবি ব্যবহার করে ‘আজকের খবর’ নামে একটি ফেসবুক পেজ/অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ফেসবুক পেজে বাদেবাসা গ্রামের সমাজসেবক ওয়ারিছ উদ্দিন, কৃষক ছমির উদ্দিন, সমাজসেবক বেলাল আহমেদ, কৃষক রেবুল আহমদ, দিনমজুর এখলাছ উদ্দিন, দিনমজুর বাক্কই মিয়া, কৃষক শরীফ আহমদ ও বৃদ্ধ ছেরাগ আলীকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগসংবলিত পোস্ট করা হচ্ছে। এতে তাঁদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব পোস্টে অভিযোগ করা হয়েছে, নাম উল্লেখ করা ব্যক্তিরা নাকি বিজিবির সোর্স হিসেবে কাজ করে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করেন। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিরা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, চাঁদা আদায়, বিজিবির সোর্স হিসেবে অর্থ গ্রহণ কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

ভুক্তভোগীরা বলেন, তাঁদের মধ্যে কেউ কৃষক, কেউ দিনমজুর এবং কেউ স্থানীয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁরা নিজেদের পেশা ও কাজ নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও বলেন, অভিযোগে নাম আসা ব্যক্তিরা এলাকার সাধারণ মানুষ। তাঁদের অনেকেই কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করায় এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তাঁদের সামাজিক ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ‘আজকের খবর’ নামে পরিচালিত ফেসবুক পেজটি কোনো স্বীকৃত বা প্রকৃত সংবাদমাধ্যমের পেজ নয়। তাঁদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন অভিযোগ প্রচারের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে তাঁরা দাবি করেন।

তাঁরা আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তা জানানো উচিত। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রচার করা হলে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভুক্তভোগীরা ওই ফেসবুক পেজের পরিচয় ও কার্যক্রম তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি তাঁদের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগে নাম আসা ব্যক্তিরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।