, ,

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান মালামাল জব্দ

শিউলী
প্রকাশিত October 21, 2026, 09:38 PM
সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বুধবার ( ২১ অক্টোবর ) ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘ছারীগাছা’ নামক স্থানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ এবং ০১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মদ ও পিকআপের আনুমানিক সিজার মূল্য ২১,৬০,৫০০/- (একুশ লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা।

এছাড়াও একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশী রসুন এবং পান জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা।

বিজিবির তথ্যমতে, রাতের পৃথক এই অভিযানগুলোতে সর্বমোট ২১,৯৪,৫০০/- (একুশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালান বিরোধী এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহন থানায় এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।