বিসিবি সভাপতির দৌড়ে আছেন যারা, জানালেন পাপন

প্রকাশিত: 11:06 AM, January 13, 2024

বিসিবি সভাপতির দৌড়ে আছেন যারা, জানালেন পাপন

 

স্পোর্টস ডেস্ক:

টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন বিসিবি বস। তার কাঁধে এখন যুব ও ক্রীড়ামন্ত্রালয়ের দায়িত্ব।

নতুন দায়িত্ব পাওয়ার পরই পাপন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান। তাই নতুন সভাপতি কে হতে পারেন, এ নিয়ে চলছে আলোচনা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত পাপনেরই স্বপদে বহাল থাকার কথা। সে হিসেবে আগামী বছরের আগস্ট পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

তবে শুক্রবার (১২ জানুয়ারি) নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, চলতি বছরই যথাযথ প্রক্রিয়া মেনে দায়িত্ব থেকে সরে যেতে চান। যদিও একই সঙ্গে দুই দায়িত্ব পালনে আইসিসি বা দেশের আইনে কোনো বাধা নেই।

নিজে থেকেই জানিয়েছিলেন চলতি বছর মেয়াদ শেষ করতে চান পাপন। এছাড়া আইসিসির একটা কমিটিরও চেয়ারম্যান তিনি। তাই নিয়মকানুন মেনে নিতে চান পরবর্তী সিদ্ধান্ত। এ প্রসঙ্গে পাপন বলেন, আগেই বলেছি এটাই শেষবারের মতো। কিছু বাধ্যবাধকতাও আছে। আমার মেয়াদ শেষ করতে হলে তো সামনের বছর। আইসিসিরও কিছু নিয়মকানুন আছে। একেক টার্মের পর বিভিন্ন কমিটি হয়।

তিনি বলেন, আমি বিভিন্ন কমিটিতে আছি এমনকি একটা কমিটির চেয়ারম্যানও। এগুলো থেকে নড়াচড়ার উপায় নেই। নতুন কেউ এলেও আইসিসি এগুলো বদল করে না। আমার ধারণা সর্বোচ্চ হয়ত এই বছর। চেষ্টা করব আইসিসির সঙ্গে কথা বলে দেখি অন্য কোন সুযোগ থাকলে তখন দেখি কি করা যায়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নতুন যে আসবেন তাকে হতে হবে বিসিবির বর্তমান কমিটির পরিচালক। এ বিষয়ে পাপন বলেন, অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক তাদের মধ্য থেকেই কেউ সভাপতি হবে। বাইরে থেকে কেউ আসার কোনো সুযোগ নেই।

বিসিবি সভাপতি থেকে পাপন সরে দাড়ালে নতুন প্রধানের দৌড়ে মাশরাফি এবং সাকিবকে নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল বিসিবির গঠনতন্ত্র অনুসারে তা আর ধোপে টিকছে না। এখন প্রশ্ন তাহলে কে হচ্ছেন নতুন বোর্ড সভাপতি। পাপনসহ ২৪ বোর্ড পরিচালকের মধ্যে থেকে পরবর্তী সভাপতি নির্বাচন করতে হবে। এখন গুঞ্জন শুরু হয়েছে বোর্ডের হাই প্রোফাইনাল পরিচালকদের নিয়ে। যেখানে নাম আসছে অনেকের।

তালিকায় যেখানে আছেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক আকরাম খান, প্রবীণ সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজনসহ একাধিক পরিচালকের নাম।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares