জন্মদিনে শ্রোতাদের ‘অঞ্জনা’ নিয়ে সুখবর দিলেন মনির খান

প্রকাশিত: 10:50 AM, August 1, 2023

জন্মদিনে শ্রোতাদের ‘অঞ্জনা’ নিয়ে সুখবর দিলেন মনির খান

বিনোদন ডেস্ক:
জন্মদিন হচ্ছে জীবনের বিশেষ দিন। আর নিজের ৫১তম জন্মদিনে সব দর্শক-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। শিগগিরই ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন বলে জানালেন এই গায়ক।

‘আট আনার জীবন’, ‘একদিন তো হবে কিয়ামত’, ‘আমার প্রেমের তাজমহল’ ও ‘অঞ্জনা’ খ্যাত সংগীতশিল্পী মনির খানের জন্মদিন আজ। ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজ এই সংগীতশিল্পীর ৫১তম জন্মদিন।
দিনটি কিভাবে কাটাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, রাত ১২টায় ঢাকার বাসায় পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন পালন করেছে। আর রাত ১২টার আগে থেকেই মোবাইল ফোনে ভক্ত-শ্রোতাদের এসএমএস-এ জন্মদিনের শুভেচ্ছা বার্তা আসতে থাকে। ইন্ডাস্ট্রির গীতিকার-সুরকার-গায়ক বন্ধুরাও ফোন ও মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন।

বর্তমানে এই গায়ক নিজ গ্রাম মদনপুরে অবস্থান করছেন। রাতে ঢাকার বাসায় কেক কাটার পর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানে মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অনেক সদস্যরা রয়েছেন। তাদের সঙ্গে পারিবারিকভাবে দিনটি কাটাচ্ছেন মনির খান।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares