কেন বিরতি নিতে যাচ্ছেন প্রভাস

প্রকাশিত: 9:18 AM, August 14, 2023

কেন বিরতি নিতে যাচ্ছেন প্রভাস

বিনোদন ডেস্ক:

‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ভারতের দক্ষিণী সিনেমার তারকা প্রভাস নাকি অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে যাচ্ছেন।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাহুবলীর পর তার অভিনীত মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শক মনে খুব একটা দাগ কাটতে পারেনি। শুধু তাই নয়, সবশেষ ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। মূলত একের পর এক ব্যর্থতার চাপ থেকে নিস্তার পেতেই নাকি এবার অভিনয় থেকেই বিরতি নেয়ার কথা ভাবছেন প্রভাস।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে প্রভাসের পরবর্তী সিনেমা ‘সালার’। দু’টি ভাগে মুক্তি পাবে এই সিনেমা। প্রথম ভাগ ‘সালার: পার্ট ওয়ান— সিজফায়ার’ মুক্তি পাওয়ার কথা ২৮ সেপ্টেম্বর। ছবির দ্বিতীয় ভাগ মুক্তির তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

তার পরেই মুক্তির সারিতে রয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করেছেন প্রভাস। সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছরের জানুয়ারি মাসে। তবে খবর, সেই মুক্তি মে মাসে পিছিয়ে যেতে পারে।

এদিকে ব্যর্থতার ভারের পাশাপাশি একের পর এক অ্যাকশন ছবিতে কাজ করার কারণে হাঁটুর ব্যথাতেও ভুগছেন প্রভাস। শোনা যাচ্ছে, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে সব কাজ মিটিয়ে ডিসেম্বর মাস থেকে টানা এক বছরের ছুটি নিতে চান প্রভাস। বিরতির মধ্যেই হাঁটুর অস্ত্রোপচারও সেরে ফেলতে চান তারকা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares