বাংলাদেশের ডিরেক্টররা হয়তো মনে করেন, সে খুব সুন্দরী তাকে মনে হয় ভাঙা যাবে না’

প্রকাশিত: 2:44 AM, September 3, 2023

বাংলাদেশের ডিরেক্টররা হয়তো মনে করেন, সে খুব সুন্দরী তাকে মনে হয় ভাঙা যাবে না’

বিনোদন ডেস্ক:

শুরুটা মিউজিক ভিডিওর মডেল ও উপস্থাপনা দিয়ে হলেও এখন তিনি পুরোদস্তুর চিত্রনায়িকা। ২০১৫ সালে কলকাতা-ঢাকার যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু নুসরাত ফারিয়ার। তবে অনেকে মনে করেন, বাংলাদেশের চেয়ে কলকাতায় বেশি দেখা যায় তাকে।

গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে ফারিয়ার কথায়ও তেমনটাই যেন আরও পরিষ্কার হলো। অকপটে তাই জানালেন তিনি। বললেন, বাংলাদেশের পরিচালকেরা তাকে নিয়ে কম ভাবেন। কেন কম ভাবেন, তার ব্যাখ্যাও দিলেন নায়িকা।

আট বছরের পেশাদার চলচ্চিত্রজীবন ফারিয়ার। কলকাতায় সর্বশেষ তার মুক্তি পাওয়া সিনেমা ‘বিবাহ অভিযান ২’। এদিকে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’, যেটিতে তাকে ‘ও ট্যাকা তুই কলিজা আর জান’—এমন কথার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এ ছাড়া ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পাতালঘর’ নামের একটি সিনেমা, যেটিতে নুসরাত ফারিয়াকে একেবারে ভিন্নরূপে পেয়েছেন দর্শকেরা।

 

ফারিয়ার কথাতেও তার প্রমাণ পাওয়া গেল। তিনি বলেন, ‘‘বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন ‘পাতালঘর’-এ। আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার।’’

২০২৩ সালের সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া।

ফারিয়া বলেন, ‘‘বছরের শুরুতে জি-ফাইভে ‘ভয়’ প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে ‘বিবাহ অভিযান ২’ ছবিটা মুক্তি পেয়েছে। ‘বুঝি না তো তাই’ শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে ‘কলিজা আর জান’ আর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে ‘মেনকা’ গান প্রকাশিত হয়েছে। ‘পাতালঘর’ তো আগেই বললাম। বছরের সেপ্টেম্বর মাস চলছে, অলরেডি আমার ছয়টা কনটেন্ট রিলিজ হয়ে গেছে। সামনে আরও আসছে, পুজোতে কলকাতায় মুক্তি পাবে ‘রকস্টার’। ‘মুজিব’ও আসবে এ বছরেই। এসবের বাইরে সামনে আরেকটি গানও মুক্তি পাবে। অনেক কিছুই আসছে।’’

 

ফারিয়া বলেন, ‘আমি আমার এ সময়কে উপভোগ করছি। অনেক বছর ধরেই এরকম পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সঙ্গে যেটা যায়। আমার কাছে মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি পাচ্ছি।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares