পাঠান’ ও ‘বাহুবলী টু’কে পেছনে ফেলে মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘গদর টু’

প্রকাশিত: 8:07 AM, September 4, 2023

পাঠান’ ও ‘বাহুবলী টু’কে পেছনে ফেলে মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘গদর টু’

বিনোদন ডেস্ক:

একসময় সানি দেওলকে শুনতে হয়েছিল বলিউডে তার ক্যারিয়ার শেষ। বড় প্রোজেক্টে তাকে ডাকাও হত না। এমনকী, বড় বড় বলিউডি পার্টিতেও থাকতেন ব্রাত্যই। তবে সানি বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

গত ১১ আগস্ট মুক্তি পাওয়া তার অভিনীত ‘গদর টু’ ঢুকে পড়ল ৫০০ কোটির ঘরে। তাও মাত্র ২৪ দিনে। করোনা পরবর্তী বাজারে যেখানে বড় বড় বাজেটের সিনেমা, হেভি স্টারকাস্ট থাকা সত্ত্বেও বেশিরভাগ সিনেমার দৌড় কোনোরকম একশো কিংবা দেড়শো কোটিতেই থেমে যাচ্ছে, সেখানে সানির সিনেমা দেখিয়ে দিল গল্প ভালো হলে, আর ছবিতে জান থাকলে প্রেক্ষাগৃহে দর্শক আসবেই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুসারে চতুর্থ রোববারে ‘গদর টু’ ভারতের বাজারে ব্যবসা করল ৮.৫০ কোটি রুপি। আর সেই অঙ্কে ভর করে সিনেমাটির আয় গিয়ে দাঁড়াল ৫০১.৮৭ কোটিতে।

বলে রাখা ভালো, ‘গদর টু’-ই হলো প্রথম হিন্দি সিনেমা যা মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ঘরে ঢুকেছে। শাহরুখ খানের ‘পাঠান’-এর এই কাজ করতে সময় লেগেছিল ২৮ দিন। আর ‘বাহুবলী টু’ হিন্দি ভার্সানের ৩০ দিনেরও বেশি।

বর্তমানে ‘গদর টু’ ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি সিনেমার তালিকায় ৩ নম্বরে রয়েছে। প্রথমে রয়েছে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’। যার দেশীয় বাজারে আয় ছিল ৫৪০ কোটি। আর তারপর আছে ‘বাহুবলী টু’। যার হিন্দি ভার্সন ভারতে আয় করেছিল ৫১১ কোটি। আর ‘গদর টু’ আছে এখন ৫০১ কোটিতে।

এখন দেখার অপেক্ষা আয়ের দিক থেকে শাহরুখের ‘পাঠান’কে টপকাতে পারে কি না সানির ‘গদর টু’।

এদিকে ৭ সেপ্টেম্বর হলে আসছে কিং খানের ২০২৩ সালের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। যার টিকিটের প্রি বুকিং শুরু হয়ে গেছে ১ সেপ্টেম্বর থেকেই। ইতোমধ্যেই ৪ লাখ টিকিট অ্যাডভান্সড বিক্রি হয়ে গেছে। কোথাও কোথাও তো প্রথম দিনের শো হাউজফুলও। ফলে জওয়ান এসে গেলে ‘গদর টু’র জন্য হল পাওয়া বেশ মুশকিলই হবে। তাই খুব সম্ভবত, সর্বোচ্চ উপার্জকারী হিন্দি ছবির তালিকায় ১ নম্বরে আসার স্বপ্ন অধরাই রয়ে যাবে গদর-প্রেমীদের।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares