সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

প্রকাশিত: 9:15 AM, September 14, 2023

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক:

গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বরেণ্য এই পরিচালকের মৃত্যুতে বিভিন্ন অভিনয়শিল্পী ও নির্মাতা-প্রযোজক শোক প্রকাশ করেছেন।

অন্যদের মতো শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও। এদিন রাত সাড়ে ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেন নায়ক।

এ তারকা লেখেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম। জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

এরপরই ঢালিউড সুপারস্টার লেখেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেয়া। সত্যি কথা বলতে তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

 

উল্লেখ্য, শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)-এর পরিচালক ছিলেন সোহানুর রহমান। এই সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়েছিল এ তারকার।

এদিকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা যান। এর পরদিনই না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এ পরিচালক।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। নির্মাতা হিসেবে ক্যারিয়ার প্রথম সফলতা পান অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) পরিচালনার মধ্য দিয়ে।

 

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সোহানুর রহমান সোহান পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares