সোহান আর নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে : কাজী হায়াৎ

প্রকাশিত: 9:58 AM, September 14, 2023

সোহান আর নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে : কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক:

স্ত্রী প্রিয়া রহমানের মৃত্যুর পরদিনই মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু হয় তার। গুণী এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক অভিনয়শিল্পী এবং পরিচালক-প্রযোজক।

এ পরিচালকের মৃত্যুতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, সোহানুর রহমান সোহান আর নেই, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তিনি নির্মাতা হিসেবে যেমন ভালো ছিলেন, তেমনই সংগঠক হিসেবে যোগ্য ছিলেন।

কাজী হায়াৎ আরও বলেন, সোহানুর রহমান সোহান কয়েকবার পরিচালক সমিতির নেতা নির্বাচিত হয়েছেন। সদস্যদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়াতেন। ব্যক্তি হিসেবেও বেশ ভালো মানুষ ছিলেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। স্ত্রীর মৃত্যুর পরদিনই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অনেক হিট সিনেমার এ পরিচালক।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সোহানুর রহমান সোহান পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares