এমন একটি মর্মান্তিক ঘটনা এখন প্রকাশ্যে এসেছে : প্রিয়াঙ্কা

প্রকাশিত: 4:17 PM, September 18, 2023

এমন একটি মর্মান্তিক ঘটনা এখন প্রকাশ্যে এসেছে : প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্ডুলা। ৯ মাস আগের এই ঘটনা নিয়ে সম্প্রতি শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুতে সিয়াটেলের এক পুলিশ কর্মীর ঠাট্টার ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে সে দেশের প্রশাসনের। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ইস্যুতেই প্রতিবাদী সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।

জানুয়ারি মাসে ঘটে যাওয়া ঘটনা কেন এতদিন পরে সংবাদের শিরোনামে? সেই প্রসঙ্গেও উষ্মা প্রকাশ করেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার মন্তব্য, ‘এটা ভীষণই আতঙ্কের যে ৯ মাস আগে ঘটে যাওয়া এমন একটি মর্মান্তিক ঘটনা এখন প্রকাশ্যে এসেছে। এটা কারও জীবন। কেউ তার মূল্য দিল না!’

সেই প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালে পড়াশোনার জন্য আমেরিকায় যান জাহ্নবী কান্ডুলা। চলতি বছরের ডিসেম্বরেই ডিগ্রি পাওয়ার কথা ছিল। তবে তার আগেই গত ২৩ জানুয়ারি মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তরুণীর। ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন কেভিন নামের এক পুলিশ কর্মী। কেভিনের গাড়িতে ধাক্কা লেগে ছাত্রীর মৃত্যু হলেও বিতর্কের কেন্দ্রে আরেক পুলিশ কর্মী ড্যনিয়েল।

সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডেরারকে খতিয়ে দেখতে বলা হয়েছিল যে দুর্ঘটনার সময় গাড়ি চালক কেভিন নেশাগ্রস্ত ছিলেন কি না। পরে এই বিষয়ে ড্যানিয়েল পুলিশ গিল্ডের সভাপতির সঙ্গে ফোনে কথা বলেন। যা তার বডি ক্যামেরায় রেকর্ড হয়। সেই ভিডিওই বর্তমানে ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছেন তিনি।

ওই ভিডিওতে জাহ্নবীর মৃত্যু নিয়ে ড্যানিয়েলকে ঠাট্টা করতে শোনা যায়। গিল্ড সভাপতি মাইক সোলানকে ড্যানিয়েল বলেন, ‘২৬ বছর বয়স (ভুল বয়স বলেন ড্যানিয়েল), খুব গুরুত্বপূর্ণ নয়। আমজনতা। শুধু একটা চেক লিখে দিলেই হবে। ১১ হাজার ডলারই যথেষ্ট।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares