পরিণীতি-রাঘবের বিয়ের যত আয়োজন

প্রকাশিত: 8:58 PM, September 23, 2023

পরিণীতি-রাঘবের বিয়ের যত আয়োজন

বিনোদন ডেস্ক:

বিটাউনে শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। আর মাত্র একদিন পরেই গাঁটছড়া বাঁধবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ভারতের রাজস্থানের উদয়পুর শহরে আগামী ২৪ সেপ্টেম্বর বেশ জমকালো আয়োজনেই বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর।

এ উপলক্ষে শহরের লেক পিচোলা হ্রদের পাশে বাজছে বিয়ের সানাই। বলা যায়, বিয়ের সব প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ইতোমধ্যে ধুমধামে অনুষ্ঠিত হয়েছে পরিণীতির মেহেদি অনুষ্ঠান।

বিয়ের আয়োজনে কোনো কমতি রাখতে চান না রাঘব-পরিণীতি। তাই বিশ্বের শীর্ষ তিন হোটেলের মধ্যে লীলা প্যালেসকে বেছে নিয়েছেন এই জুটি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, দিল্লিতে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন করে এরই মধ্যে রাজস্থানের উদয়পুরের পৌঁছেছেন রাঘব-পরিণীতি। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পরিণীতির ‘চূড়া সিরিমনি’ (পাঞ্জাবি বিয়ের একটি রীতি) অনুষ্ঠিত হয়েছে।

এই রীতিটি যে সুইটে অনুষ্ঠিত হয়েছে সেটা সম্পূর্ণ কাচ দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই সুইটের এক রাতের ভাড়া ৯ থেকে ১০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা। এ দিন বিকালে রাখা হয়েছে জমকালো সংগীত জলসার আয়োজন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এ দিনের থিম থাকবে থ্রেডস অব ব্লেসিং। এরপর দুপুর ২টা‍য় তাজ লেকে হবে বরের শোভাযাত্রা।

এ দিন দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করে সাত পাকে ঘুরবেন পরিণীতি ও রাঘব। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’র মাধ্যমে চার হাত এক হবে যুগলের। বিয়ের দিনই রাত সাড়ে ৮ টায় তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন।

পরিণীতি আর রাঘবের পরিবারের সদস্যরা উদয়পুরের আলাদা আলাদা হোটেলে থাকবেন। রাঘবের পরিবার তাজ লেক প্যালেসে আর পরিণীতির পরিবার লীলা প্যালেসে থাকবে।

শুধু আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবরাই নয়, বিয়েতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল থেকে শুরু করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের মতো বড় বড় ভিআইপিরা রয়েছেন অতিথির তালিকায়।

জানা গেছে, অতিথিদের জন্য লীলা প্যালেসের ৮টি সুইট আর ৮০টি ঘর বুকিং করা হয়েছে। পাশাপাশি তাদের বিয়েকে ঘিরে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন হোটেল কর্তৃপক্ষ। রাঘব-পরিণীতির বিয়ের জন্য হোটেলের পক্ষ থেকে নানান ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে দিল্লির এক সংস্থার ওপর সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে আংটি বদল করেন রাঘব-পরিণীতি। তবে বাগদানের আগ মুহূর্ত পর্যন্ত তারা কেউই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অবশেষে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কের পরিণয় ঘটতে চলেছে এই জুটির।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares