আমি অবাক, অনেকেই গানটি প্রচলিত বলে নিজের চ্যানেলে পাবলিশ করছে’

প্রকাশিত: 10:56 AM, November 2, 2023

আমি অবাক, অনেকেই গানটি প্রচলিত বলে নিজের চ্যানেলে পাবলিশ করছে’

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। তার গান কেউ শোনেননি—এমন বাঙালি পাওয়া দুষ্কর। শিলাজিতের অন্যতম জনপ্রিয় একটি গান ‘লাল মাটির সরানে’। এই গানটি চুরির অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, নেটমাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন এই গায়ক।

সম্প্রতি একাধিক ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, কিছু মানুষ ‘লাল মাটির সরানে’ গানটি প্রচলিত বলে দাবি করার পাশাপাশি নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করছেন বলে অভিযোগ তুলেছেন শিলাজিৎ। তবে এখনই কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্টও দিয়েছেন শিলাজিৎ।

পাঠকদের সুবিধার জন্য গায়কের পোস্টটি তুলে ধরা হলো-

শিলাজিৎ লেখেন, ‘আমি অবাক হয়ে গেলাম দেখে কেউ কেউ এই গানটা গেয়ে প্রচলিত বলে ছাপ মেরে পাবলিশ করছে নিজের চ্যানেল থেকে। মেমোসাইড…? নাকি গুরুদেবদের কাছে শেখা, ঝেপে দাও তারপর ধরা পড়লে বলো জানতাম না।

এই গানটার মধ্যে সাঁওতালি ভাষাতে যে দু-লাইন ‘এ দুলৌর মায়না…আমা ওরা ওকারে এ দুলোর ময়না তিগুন মেসেনা’ এটুকু লিখে দিয়েছিল নরেন হাঁসদা, সেটুকুও প্রচলিত নয়।

দেখি যদি ওনাদের শুভ বুদ্ধি কাজ করে, নইলে আমার শ্রোতারা যারা খুব ভালো করে জানেন এই গানটা আমার বাপেরও না আমার নিজের, তারাই যা বলার বলবে।

আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি গান গাইতে এসেছিলাম তার কারণ আমার গান একজন নিজের গান বলে চালানোর চেষ্টা করেছিল। গানগুলো রিলিজ হয়নি বলেই। কিন্তু রিলিজড গান, যেটার ডকুমেন্ট রয়েছে সেটাকে যদি আমার অধিকার থেকে চেনাতে চায় তাকে তো গান চোরও বলতে পারব না, এতো ডাকাতি? এতো সাহস? বেশ দেখা যাক।’

প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পেয়েছিল শিলাজিৎ মজুমদারের জনপ্রিয় অ্যালবাম ‘লাল মাটির সরানে’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares