, ,

শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে ফিরে গেল ১২ ফ্লাইট

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 12, 2023, 01:41 PM
শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে ফিরে গেল ১২ ফ্লাইট

অনলাইন ডেস্ক:

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ১২টি ফ্লাইট প্রতিবেশী ভারতের কলকাতাসহ আশপাশের বিমানবন্দরে চলে যায়। আজ মঙ্গলবার প্রথম প্রহর থেকে ভোর পর্যন্ত এমন পরিস্থিতির মধ্যে পড়েছে বিভিন্ন গন্তব্য থেকে আসা একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট। ফ্লাইট চলাচল পর্যবেক্ষক একটি অনলাইন পোর্টালের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র মিলেছে।

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) ভোর পর্যন্ত নির্ধারতি সময়ে বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কোলকাতায় বিমানবন্দরে অবতরণ করে। এয়ার এশিয়ার দুটি ফ্লাইট উড্ডয়নের পর কুয়ালালামপুরেই ফিরে গেছে। আর গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এর মধ্যে প্রথম ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের, যেটির ব্যাংকক থেকে সোমবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে ঢাকায় নামার কথা ছিল। আর সর্বেশষ ফিরে যাওয়া তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের আজ ভোর ৫টা ৪৫টায় নামার কথা ছিল।

তবে আরও পরের দিকের ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনের দিনে শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।