বিনোদন ডেস্ক :
ধ্যানে মগ্ন বাবা! সাদা লালচে লম্বা চুল দাড়িতে ঝটলা, বয়সের ভারে মুখটা অনেকটা ধূসর! চোখে কালো চশমা। সেই চশমার গ্লাসে এক চোখে দেখা যাচ্ছে পরীমণিকে! অবশ্য অন্য চোখে আছেন সজল!
ধ্যান মগ্ন বাবার চরিত্রে যিনি আছেন, তিনি ‘গুণিন’ খ্যাত তুখোড় অভিনেতা আবুল কালাম আজাদ! এমন গেটআপে তার ‘পাফ ড্যাডি’র একটি পোস্টার প্রকাশ হয়েছে।
ওটিটি প্লাটফর্ম বঙ্গ’র ফেসবুক পেজে ‘পাফ ড্যাডি’র প্রকাশিত পোস্টার দিয়ে লেখা, আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? আসছে নতুন ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। দেখতে পাবেন শুধুমাত্র বঙ্গ-তে।
২০২০ সালের দিকে শুরু হয়েছিল ‘পাফ ড্যাডি’র শুটিং। নির্মাতা বদলে সহীদ উন নবী ওয়েব ফিল্মটির শুটিং শেষ করছেন। বর্তমানে পোস্ট প্রডাকশনের শুটিং চলছে। আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।
এর আগে ‘পাফ ড্যাডি’র শুটিং চলাকালে সজল জানিয়েছিলেন, গল্পটি থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর। খুব মানসম্মত প্রোডাকশন। আয়োজনও অনেক ভালো।
নির্মাতা সহীদ উন নবী বলেন, আধ্যাত্মিক এবং রিয়েলিটি দুটোর সমন্বয়ে তৈরি হয়েছে এর গল্প। আগেই গল্পের ধারণা নিয়ে সারপ্রাইজ নষ্ট করতে চাই না। মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এই বাবাকে ঘিরে। এর সঙ্গে যারা আছেন তাদের ঘিরে গল্পের বাঁকবদল হয়।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, ২৫ আগস্ট ‘পাফ ড্যাডি’ মুক্তি পাবে।
R/N