বিনোদন ডেস্ক :
জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী সুরিন্দর শিন্দা মারা গেছেন। লুধিয়ানায় ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল এই শিল্পীর।
বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় লুধিয়ানার ডিএমসি হাসপাতালে মৃত্যু হয়েছে সুরিন্দরের। এর আগে মডেল টাউন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে ডিএমসিতে রেফার্ড করা হয়। হাসপাতালে ২০ দিন ছিলেন। ভেন্টিলেটরেও রাখা হয়েছিল গায়ককে।
এর আগে এ গায়কের ছোট একটি অপারেশন হয়েছিল। এরপরেই সংক্রমণ ধরা পড়ে তার। এছাড়া শ্বাসকষ্টেও ভুগতেন তিনি। তারপর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় সুরিন্দরকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত কয়েকদিন ধরেই সুরিন্দরের মৃত্যু নিয়ে নানা খবর রটেছিল। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন ভক্ত-শ্রোতারা। সেই সময় গায়কের ছেলে মনিন্দর শিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন—ঠিক আছেন তার বাবা। কোনো প্রকার গুজবে কান না দেয়ার কথাও জানান তিনি।
সংগীতশিল্পী সুরিন্দর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। বিভিন্ন সিনেমায় তার কণ্ঠের গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। একইসঙ্গে মুগ্ধ করেছে শ্রোতাদের। বলা যায় আট থেকে আশিসহ প্রায় সব বয়সের শ্রোতাদের কাছেই পরিচিতি ছিল তার।
R/N