কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

প্রকাশিত: 8:37 PM, January 21, 2024

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

 

আবহাওয়া ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে রোদের দেখা মিললেও আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশায় ছেয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২১ জানুয়ারি) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী ও বাদলগাছীতে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ঢাকায় আজ সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares