আবহাওয়া ডেস্ক:
অব্যাহত দূষণের ফলে রাজধানীর বাতাস নগরবাসীর জন্য ক্রমেই স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বাড়াচ্ছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্বের ১০০টি শহরের মধ্যে রাজধানীর অবস্থান শীর্ষ ২ নম্বরে। সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার আক্রা। শহরটির বাতাসের মানের স্কোর ৪১৮, অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক। পাশাপাশি দুই নম্বরে থাকা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর, ৪১২। বাতাসের এই মানও নাগরিকদের জন্য দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া ১৮৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ তিনে আছে পাকিস্তানের করাচি। দেশটির এ শহরের বাতাস আজ নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। এরপর যথাক্রমে ১৮৩ স্কোর নিয়ে চার নম্বরে চীনের শেনইয়াং ও ১৮২ স্কোর নিয়ে শীর্ষ পাঁচে আছে ভারতের মুম্বাই। অর্থাৎ, শহরদুটির বাতাসও আজ অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
R/N