, ,

টানা বৃষ্টিতে শীত বাড়বে কিনা, যা বলছে আবহাওয়া অফিস

Rahat
প্রকাশিত February 1, 2024, 11:31 PM
টানা বৃষ্টিতে শীত বাড়বে কিনা, যা বলছে আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক:

পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় আগামী তিন দিনে দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি গোপালগঞ্জে ১৬, বরিশালে ১৪, পটুয়াখালীতে ১৩, খুলনায় ১০, ফরিদপুরে ৪, মাদারীপুরে ৩ মিলিমিটার বৃষ্টিপাত ছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, ভোলা ও হাতিয়ার কোথাও ১ মিলিমিটার আবার সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরদিন শনিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এই অবস্থায় শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এই দু’দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) বৃষ্টিপাত না হলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

R/N